ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেছেন, বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, তা হবে না। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি করতে পারবেন না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু আরও বলেন, জিয়াউর রহমান বলেছিলেন, সারা দেশে মাদক বাসা বেঁধেছে। একটি সুন্দর দেশ গড়তে হলে মাদক মুক্ত করতে হবে । যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করেন তারা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না।
তিনি আরো বলেন, তারেক রহমান বলেছেন, চাঁদাবাজি করলে বিএনপি করা যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজকে দমন করতে হবে। এর আগে আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান ভূট্টো, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।

