সুন্দরবন উপকূলে এক যুগ পর বলেশ্বর নদীতে কুমিরের দেখা, কুমির দেখতে নদীতীরে ভিড়

0
সুন্দরবন উপকূলে এক যুগ পর বলেশ্বর নদীতে কুমিরের দেখা, কুমির দেখতে নদীতীরে ভিড়

এস. এম. সাইফুল ইসলাম কবির: সুন্দরবনঘেঁষা উপকূলবাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকায় বলেশ্বর নদীতে দীর্ঘদিন পর বড় আকারের একটি কুমিরের দেখা মিলেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে নদীতে কুমিরটি সাঁতার কাটতে দেখেন স্থানীয়রা। হঠাৎ নদীতে কুমিরের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ায় জেলেসহ নদীতীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালের দিকে গাবতলা এলাকায় বলেশ্বর নদীতে একটি বড় আকারের কুমিরকে সাঁতার কাটতে দেখা যায়। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে নারী, পুরুষ ও শিশুসহ স্থানীয়রা নদীর তীরে ভিড় করেন। অনেকে কুমিরটিকে দুই-তিনবার দেখতে পেলেও পরে সেখানে গিয়ে অনেকেই আর সেটির দেখা পাননি।

স্থানীয় জেলেরা জানান, বলেশ্বর নদীতে নিয়মিত মাছ ধরলেও দীর্ঘদিন ধরে তারা নদীতে কুমিরের উপস্থিতি দেখেননি। ফলে হঠাৎ করে বড় আকারের কুমিরের দেখা মেলায় মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সাউথখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, “দীর্ঘদিন ধরে শরণখোলার বলেশ্বর নদীতে কুমির দেখা যায়নি। হঠাৎ করে কুমিরের দেখা পাওয়ায় জেলে ও নদীতীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি কুমিরের উপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলে ও নদীতীরবর্তী মানুষকে সতর্ক করার পাশাপাশি প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

স্থানীয়দের দাবি, নদীতে কুমিরের উপস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করা প্রয়োজন। বিশেষ করে জেলেদের নদীতে চলাচল ও মাছ ধরার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।