পানশী নৌকা বাইচ দেখতে গুমানি নদীর দুই পাড়ে অনেক দর্শকের ভীড়

0
পানশী নৌকা বাইচ দেখতে গুমানি নদীর দুই পাড়ে অনেক দর্শকের ভীড়|

পাবনা প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়ায় পানশী নৌকা বাইচ দেখতে গুমানি নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের ভীড়। ‘প্রভাষক জাফর ইকবাল হিরোক পানসি নৌকা বাইচ উৎসব-২০২৬; সিজন-১’ পানশী নৌকা বাইচ প্রতিযোগিতার ১৩ অক্টোবরে মেগা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৩ অক্টোবর বিকালে ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া এলাকায় গুমানি নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র উন্নয়ন বহুমুখী কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এ প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন।

এই প্রভাষক জাফর ইকবাল হিরোক পানশী নৌকা বাইচ উৎসবে পাবনা ও সিরাজগঞ্জ জেলার মোট সেরা ১৩ টি পানশী নৌকা বাইচে অংশ নেয়।যেমন- বন্যাকান্দি একতা চ্যালেন্জার, কৈবর্তগাতি একতা এক্সপ্রেস, মায়ের দোয়া চরপাড়া, আল-মদিনা চিনাধুকুরিয়া, পদ্মা এক্সপ্রেস, বংকিরাট নবশক্তি ফাইটার, বিজয় নিশান খাদুলী, সোনা বাজু এক্সপ্রেস, দেওভোগ একতা এক্সপ্রেস,পাটুল চ্যালেঞ্জার, বামন গ্রাম একতা এক্সপ্রেস ইত্যাদি।

এর আগে ১০ অক্টোবর পানশী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন হয়ে ১১ ও ১৩ অক্টোবর তিনদিন ব্যাপী নৌকা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৩ অক্টোবর-২০২৬ খ্রি. মেগা ফাইনাল পানশী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। ফাইনাল পানশী নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে পাবনার ফরিদপুর উপজেলার বন্যাকান্দি একতা চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়ে ১ লাখ টাকা নগদ পুরস্কার পান, দ্বিতীয় স্থান অর্জনকারী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৈবর্তগাতী একতা এক্সপ্রেস কে ৬০ হাজার টাকা নগদ এবং তৃতীয় স্থান অর্জনকারী সিরাজগঞ্জের উল্লাপাড়ার বংকিরাট নবশক্তি ফাইটার কে ৩০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পানশী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ গুমানি নদীর দুই পাড়ে জড়ো হন। তাদের উপস্থিতিতে নদীর দুই পাড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম ও হাদল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম প্রমুখ।

প্রভাষক জাফর ইকবাল হিরোক পানশী নৌকা বাইচ উৎসব-২০২৬ এর সিজন-১’ এর সার্বিক আয়োজনে কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম। সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় বিডি নৌকা বাইচ গ্রুপ।

প্রভাষক জাফর ইকবাল হিরোক পানশী নৌকা বাইচের রেজিষ্ট্রেশন এর দায়িত্ব ছিলেন জিএম শান্ত মন্ডল সভাপতি, উপদেষ্টা প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, প্রধান সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম পলাশ বিডি নৌকা বাইচ গ্রুপ।

প্রভাষক জাফর ইকবাল হিরোক পানশী নৌকা বাইচ উৎসব-২০২৬; সিজন-১’ এর বাঁশি বাজিয়ে নৌকা বাইচ পরিচালকের দায়িত্ব পালন করেন প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম ও মোঃ খাইরুল ইসলাম সরদার।

ঐতিহ্য রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগে পানশী নৌকা বাইচ বাংলার নদী মাতৃক জনপদের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এক সময় বর্ষা মৌসুমে গ্রাম বাংলার নদী-নালা ও জলাশয়ে নৌকা বাইচ ছিল মানুষের অন্যতম প্রধান বিনোদন। সময়ের পরিবর্তনে আধুনিক বিনোদনের বিস্তারে অনেক এলাকায় এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এমন পরিস্থিতিতে নৌবাড়িয়ার গুমানি নদীতে প্রভাষক জাফর ইকবাল হিরোক পানশী নৌকা বাইচের আয়োজন স্থানীয় সংস্কৃতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে।

উৎসবে আসা দর্শনার্থীরা জানান, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং বর্তমানে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরার গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিয়মিত নৌকা বাইচ উৎসব আয়োজন করা হলে স্থানীয় সংস্কৃতির বিকাশের পাশাপাশি মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।