১৫ ঘণ্টা পর বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশি পুলিশ সদস্য উদ্ধার

0
১৫ ঘণ্টা পর বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশি পুলিশ সদস্য উদ্ধার

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্য অবশেষে মুক্তি পেয়েছেন। প্রায় ১৫ ঘণ্টার তীব্র কূটনৈতিক ও সীমান্ত যোগাযোগের পর আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনুষ্ঠানিকভাবে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়া দুই পুলিশ সদস্য হলেন—ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন এবং কনস্টেবল রোহিত দেওয়ান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের কাছে এক গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল।

অভিযানের সময় চিহ্নিত এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। ওই সময় কয়েকজন ভারতীয় নাগরিক তাঁকে ধরে ফেলে এবং বিএসএফের হাতে সোপর্দ করে। খবর পেয়ে সহকর্মীকে ভারতীয় নাগরিকদের হাত থেকে মুক্ত করতে এগিয়ে গেলে এএসআই ইমরান হোসেনকেও বিএসএফ সদস্য ও স্থানীয়রা আটক করে।

ঘটনার পরপরই দুই পুলিশ সদস্যকে অক্ষত অবস্থায় দ্রুত ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করে বিজিবি ও বাংলাদেশ পুলিশ। বিজিবির ৬০ ব্যাটালিয়ন সীমান্ত পর্যায়ে বিএসএফের সঙ্গে কূটনৈতিক ও পতাকা বৈঠকের উদ্যোগ নেয়।

আজ সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান নিশ্চিত করেছিলেন যে, বিএসএফের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে এবং আটক দুই সদস্য অক্ষত আছেন।

পরবর্তীতে আজ দুপুর ১টা ৫০ মিনিটে আশাবাড়ি সীমান্ত পয়েন্টে অনুষ্ঠিত যৌথ হস্তান্তরের সময় বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত দুই কর্মকর্তা এখন সম্পূর্ণ নিরাপদ আছেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।