প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার রংপুরে পূজামন্ডপ পরিদর্শনে আসছেন

0
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার রংপুরে পূজামন্ডপ পরিদর্শনে আসছেন

জয়নাল আবেদীনঃ প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার রংপুরে পূজামন্ডপ পরিদর্শনে আসছেন । তার সফর ঘিরে রংপুর নগরীসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণে সৈয়দপুর থেকে রংপুর মহানগর পর্যন্ত সাজসাজ অবস্থা। রাতদিন চলছে প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রশাসন থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা।মঙ্গলবার ২০ অক্টোবর সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর মহানগরীর রাধা গোবিন্দ মন্দির রংপুর ধর্মসভা পরিদর্শন করবেন। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর এই সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন। প্রধানমন্ত্রীকে বরণ করতে চলছে নানা ধরনের প্রস্তুতি। বিশেষ করে, সম্প্রতি রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে বড় অঙ্কের বাজেট বরাদ্দের পর রংপুরে প্রধানমন্ত্রীর এই আগমন আনন্দের মাত্রা বাড়িয়ে তুলেছে।প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরজুড়ে সাজসাজ অবস্থা বিরাজ করছে।

সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক ও রোড ডিভাইডারগুলো ধুয়ে-মুছে রং করা হয়েছে। ডিভাইডারে লাগানো হচ্ছে ছোট ছোট ফুলের গাছ। ইতোমধ্যে নগরীর প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করে পরিষ্কার করা হয়েছে। নগরীর বিলবোর্ডে শোভা পাচ্ছে সিটি করপোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, শারদীয় দুর্গোৎসব কমিটি, সাংস্কৃতিক ঐক্য পরিষদ এবং রংপুর জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো বিশাল বিশাল ব্যানার।প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য নির্ধারিত সড়কগুলোতে সংস্কারকাজ চলছে। বিশেষ করে নগরীর ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত চলমান সংস্কারকাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হয়েছে। এসব কাজের তদারকি করছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।

এদিকে ভাওয়াইয়ার গানে গানে বরণ এবং সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরতে প্রস্তুতি নিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) মহানগর ও জেলার শিল্পীরা। প্রস্তুতি নিয়েছে সাংস্কৃতিক ঐক্য পরিষদও।এ ছাড়াও জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ও রংপুর মহানগর আহবায়ক মো: সামসুজ্জামান সামুর নেতৃত্বে নগর জুড়ে আনন্দ মিছিল হচ্ছে । মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল, জিয়া সংসদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছে ।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের পাশাপাশি ৫১ বিজিবির অধিনায়কসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামন্ডপ পরিদর্শনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। তার সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আমরাও আনন্দিত। সম্প্রীতির বার্তা নিয়ে তিনি শারদীয় উৎসবে পূজামন্ডপ পরিদর্শনে রংপুরে আসছেন।

তিনি আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকার দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। পাশাপাশি রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে আরও ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে, ইনশাআল্লাহ।