তাহিরপুর প্রতিনিধি: টাঙ্গুয়ার হাওরের ভরাট হয়ে যাওয়া বিলগুলো পুনঃখননের মাধ্যমে পলি অপসারণ ও জলাভূমির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ শুক্রবার (২৭ নভেম্বর) হাওরের সম্ভাব্য পুনঃখননযোগ্য বিলগুলো সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের মাধ্যমে হাওরের নির্ধারিত কিছু অংশ পুনঃখননের মাধ্যমে পলি অপসারণ করে বিলের প্রতিবেশ পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সম্ভাব্য বিলগুলোর বর্তমান অবস্থা,পলি জমে ভরাট হওয়ার পরিস্থিতি এবং পুনঃখননের উপযোগিতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন তাঁরা।বিশেষ করে খননের মাধ্যমে উত্তোলিত পলি কোথায় রাখা হবে এবং কীভাবে পরিবেশসম্মত ব্যবস্থাপনা করা সম্ভব,সে বিষয়েও স্থানীয়দের মতামত ও পরামর্শ নেওয়া হয়। পাশাপাশি বিলগুলোর অতীত অবস্থা,বর্তমান সমস্যা এবং পুনরুদ্ধারের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হোছাইনুদ্দিন ছিদ্দিকী,উপপ্রধান মোঃ বেলাল উদ্দিন বিশ্বাস,নির্বাহী প্রকৌশলী মীর আবুল হাসেম,নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন এবং উপবিভাগীয় প্রকৌশলী মোঃ বদরুল ইসলাম,উপ-বিভাগীয় প্রকৌশলী রনি দাশ,উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন।এ ছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ ইফতেখার হোসেন এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) প্রকল্প উন্নয়ন কর্মী ইয়াহিয়া সাজ্জাদ ও ছাইফুল চৌধুরী।
সচেতন মহলের মতে, টাঙ্গুয়ার হাওরের ভরাট হয়ে যাওয়া বিলগুলো পরিকল্পিতভাবে পুনরুদ্ধার করা গেলে হাওরের পানি ধারণক্ষমতা, মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র এবং সামগ্রিক জলাভূমির জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে পুনঃখননের পাশাপাশি উত্তোলিত পলি পরিবেশসম্মত উপায়ে ব্যবস্থাপনা এবং হাওরের প্রাকৃতিক প্রতিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

