শহিদুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
সোমবার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে র্যাব-৬, যশোর ক্যাম্প।
আটককৃতরা হলেন—সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে বুলবুল সানা বুলি (৫২) এবং একই এলাকার বাসিন্দা শিল্পি খাতুন (৪২)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কয়েকজন মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেলের মাধ্যমে বাগআঁচড়া বাজার এলাকা থেকে সাতক্ষীরার দিকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বাগুড়ী বেলতলা বাজার এলাকায় চেকপোস্ট বসান।
চেকপোস্টে একটি ডিসকভার মোটরসাইকেল কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তা ধাওয়া করে আটক করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে এবং শালীনতা বজায় রেখে মহিলা র্যাব সদস্য সিপাহী মোছাঃ রাজিয়া সুলতানার মাধ্যমে দেহ তল্লাশি চালানো হয়। এ সময় আটকরা ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করে।
তল্লাশীকালে বুলবুল সানা বুলির পরিহিত জ্যাকেটের সামনের বাম পাশের ভেতরের পকেট থেকে ২ হাজার ৯৭০ পিস রঙিন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত একটি কালো রঙের পুরাতন ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

