প্রেসক্লাবে মহেশপুরে হামলা,ভাঙচুর ও লুট

0
প্রেসক্লাবে মহেশপুরে হামলা,ভাঙচুর ও লুট

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের হামলায় প্রেসক্লাব মহেশপুরের কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশেই অবস্থিত প্রেসক্লাবের অফিসে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। অফিসকক্ষের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র নষ্ট করা হয়। আলমারি ও ড্রয়ার ভেঙে একটি ল্যাপটপ, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ নথিপত্রসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার সময় অফিসে কেউ উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে বাধা দেওয়া সম্ভব হয়নি।পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্য সদস্যদের খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের দরজা-জানালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানা গেছে।

এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, সাংবাদিকদের সংগঠনের ওপর এ ধরনের হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, অভিযোগ পেলে পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।ঘটনার পর মহেশপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল সাংবাদিকদের নিরাপত্তা জোরদার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।