রূপগঞ্জে হাড়হিম করা নৃশংসতা: স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, শিশুসন্তানকেও হত্যার হুমকি

0
রূপগঞ্জে হাড়হিম করা নৃশংসতা: স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, শিশুসন্তানকেও হত্যার হুমকি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ভয়াবহ ও পৈশাচিক ঘটনার খবর পাওয়া গেছে। উপজেলার তারাবো পৌরসভায় স্বামীর গলায় ধারালো ছুরি ধরে এক গৃহবধূকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে আফজাল খাঁন নামে এক যুবকের বিরুদ্ধে। কেবল স্বামী নয়, এ সময় তাদের তিন বছরের ঘুমন্ত শিশুসন্তানকেও মেরে ফেলার হুমকি দিয়ে এই পাশবিক নির্যাতন চালানো হয়।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ মার্চ) ভোরে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌ-বাজার এলাকার আনিছ মিয়ার ভাড়া বাড়িতে। ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় মৃত মহিজ উদ্দিনের ছেলে আফজাল খাঁন ও তার এক অজ্ঞাতনামা সহযোগী পূর্বপরিকল্পিতভাবে ওই বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকেই ওই নারীর গলায় ছুরি ধরে আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনার সময় ভুক্তভোগী নারীর স্বামী শহিদুল ইসলাম (২৬) ঘরে প্রবেশ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিযুক্ত আফজাল হুমকি দিয়ে বলে, তাদের ‘খুশি’ না করলে স্বামী শহিদুল এবং পাশে ঘুমিয়ে থাকা তিন বছরের শিশুসন্তান মো. জুনাইদকে গলা কেটে হত্যা করা হবে। এরপর সহযোগীর সহায়তায় স্বামীর গলায় ছুরি ধরে তাকে জিম্মি করে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে আফজাল। পাশবিকতা শেষে তারা যাওয়ার সময় স্বামীর ব্যবহৃত ‘রেডমি-১০’ মডেলের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এই নারকীয় ঘটনার পর দুপুরে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন সংবাদমাধ্যমকে জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”