বগুড়ায় ভোটকেন্দ্র থেকে তুলে নিয়ে যুবলীগ নেতার রগ কেটে বস্তায় ভরে হত্যা: অভিযুক্ত যুবদল নেতা

0
বগুড়ায় ভোটকেন্দ্র থেকে তুলে নিয়ে যুবলীগ নেতার রগ কেটে বস্তায় ভরে হত্যা: অভিযুক্ত যুবদল নেতা

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বাজার সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ায় সাবেক এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে অপহরণের পর হাত-পায়ের রগ কেটে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দীর্ঘ সাতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার (৩ এপ্রিল) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলাল শেখ (৪৫)। তিনি শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার সূত্রপাত গত ২৭ মার্চ (শুক্রবার)। শহরের শাহ্ ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন চলাকালীন সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখকে ভোটকেন্দ্র থেকে একদল যুবক জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে একদল যুবক আলালকে টেনে-হিঁচড়ে বাজার থেকে বের করে মোটরসাইকেলে তুলে নেয়।

অপহরণকারীরা তাকে শহরের মালগ্রাম ডাবতলা এলাকার একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে বস্তাবন্দি করে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হয়। এতে তার দুই পা ও একটি হাত ভেঙে যায় এবং পরবর্তীতে হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়।

নিহতের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের মূল হোতা শহর যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম। মূলত বাজার সমিতির নির্বাচনে প্রার্থী হওয়া এবং পূর্বের রাজনৈতিক শত্রুতার জের ধরে এই নৃশংস পথ বেছে নিয়েছে প্রতিপক্ষ।

নিহতের বাবা সিদ্দিকু রহমান বলেন, “আমার ছেলেকে প্রকাশ্যে বাজার থেকে তুলে নিয়ে যাওয়া হলো, অথচ কেউ বাঁচাতে এলো না। শফিকুলের নেতৃত্বেই তাকে পঙ্গু করে মেরে ফেলা হয়েছে।”

আলাল শেখকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছিল। তার মৃত্যুর পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার পরদিনই নিহতের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছিলেন। ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানিয়েছেন, ভুক্তভোগীর মৃত্যুর পর এখন মামলাটি বিধি মোতাবেক হত্যা মামলায় রূপান্তরিত হবে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত শফিকুলসহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

প্রকাশ্যে দিবালোকে এই অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে বগুড়ায় আনা হলে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।