শেরপুর সীমান্তে মানব পাচার চক্রের ‘গডফাদার’ আটক

0
শেরপুর সীমান্তে মানব পাচার চক্রের ‘গডফাদার’ আটক

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীর সীমান্তে দীর্ঘদিন ধরে সক্রিয় মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে পরিচিত ফারুক (৪০) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। রবিবার (৩মে) সকালে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামে বিশেষ অভিযানে তাকে আটক করে কর্ণঝোড়া বিওপির জওয়ানরা।

জানা গেছে, সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে ফারুক মিয়া দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। বিজিবির নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, আটক ফারুক একাধিক মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামি। দুপুরে তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার এসআই মো. মোরশেদ আলম জানান, ফারুকের বিরুদ্ধে মানব পাচারের আরও দুটি মামলা রয়েছে।

এদিকে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, “ফারুক সীমান্ত এলাকায় মানব পাচার চক্রের অন্যতম প্রধান সক্রিয় সদস্য। তাকে আইনের আওতায় আনা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”