সাদুল্লাপুরে ৫ম শ্রেণির ছাত্রকে বলাৎকার: চা দোকানি গ্রেপ্তার

0
সাদুল্লাপুরে ৫ম শ্রেণির ছাত্রকে বলাৎকার: চা দোকানি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে চায়ের দোকানে বিস্কুট কিনতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র। এই ঘটনায় অভিযুক্ত চা দোকানি সাজু মন্ডলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার দক্ষিণ ফরিদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাজু মন্ডল ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল বিকেলে বকশিগঞ্জ তসলিম উদ্দিন বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী উপজেলার ফরিদপুর ইউনিয়নের ঘেগার বাজারে সাজু মন্ডলের দোকানে বিস্কুট কিনতে যায়। দোকানে অন্য কোনো ক্রেতা না থাকার সুযোগে সাজু মন্ডল দোকানের শাটার বন্ধ করে দেয়। এরপর শিশুটিকে দোকানের পেছনের কেবিনে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে।

ঘটনা শেষে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত সাজু। শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে পুরো বিষয়টি তার মাকে জানায়।

স্বজনরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

রংপুর মেডিকেলে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গত সোমবার (৪ মে) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম হাবিব জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযানে নেমে অভিযুক্ত সাজু মন্ডলকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।