শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ; অভিযুক্ত আটক

0
শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ; অভিযুক্ত আটক

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চরকৈজুরী গ্রামে ৭ বছর বয়সের প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে রোববার (৩১ মে) সকালে এলাকার বিক্ষুব্ধ শত শত মানুষ ধর্ষণ চেষ্টাকারী আলম প্রামানিকের শান্তির দাবিতে তার বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আলম প্রামাণিক (৫২) কে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । আটককৃত আলম ওই গ্রামের মৃত দুলাই প্রামাণিকের ছেলে।

ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, পবিত্র ঈদুল আযহার এক সপ্তাহ আগে প্রতিবেশী আলম প্রামাণিক ওই শিশুকে কৌশলে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। একপর্যায়ে আলম ওই শিশুটির জামা-কাপড় খুলে যৌন নির্যাতন করে। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি আলমের হাতে সজোড়ে কামড় দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এসময় আলম ওই শিশুকে হুমকি দিয়ে বলে, ঘটনা প্রকাশ করলে তাকে জবাই করে হত্যা করা হবে। এদিকে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী শিশুর বাবা গ্রাম্য প্রধানদের দারস্থ হয়ে উপযুক্ত বিচারের আবেদন করেন। কিন্তু গ্রামের প্রধানরা নানা অজুহাতে বিচার দিতে গড়িমসি করলে গতকাল রোববার সকালে এলাকার শত শত বিক্ষুব্ধ নারী- পুরুষ আলমের বাড়ি ঘেরাও করে তার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। খবর পেয়ে থানা পুলিশ আলম প্রামানিককে আটক করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সোমবার (১জুন) থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদির জানান, ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে আলম প্রামানিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান ধর্ষণ চেষ্টাকারী আলম প্রামানিককে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সপর্দ করা হলে আদালতের বিচারক তাকে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।