সরিষাবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ঘরে আটকে ধর্ষণ, অভিযুক্ত ইব্রাহীম পলাতক

0
সরিষাবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ঘরে আটকে ধর্ষণ, অভিযুক্ত ইব্রাহীম পলাতক

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) ঘরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইব্রাহীম (৪০) এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মধ্যবয়সী ইব্রাহীম দীর্ঘদিন ধরেই ওই কিশোরীকে টার্গেট করে আসছিল। সে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ওই ছাত্রীর ফোনে ক্রমাগত কল দিয়ে আসছিল এবং বিভিন্ন সময়ে কুপ্রস্তাবসহ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। লোকলজ্জা আর চরম ভয়ে ওই শিক্ষার্থী বিষয়টি প্রথমে তার মা-বাবা বা পরিবারের অন্য কাউকে জানাতে সাহস পায়নি।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ওই শিক্ষার্থী দরকারী কাজে ইব্রাহীমের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। ওত পেতে থাকা ইব্রাহীম নির্জন রাস্তার সুযোগ নিয়ে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক নিজের ঘরে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। সেখানে চিৎকার করতে চাইলে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে তাকে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করা হয়।

ধর্ষণের পর কিশোরীটিকে বেশ কিছু সময় ঘরের ভেতর আটকে রাখা হয়। পরবর্তীতে তার গোঙানির শব্দ ও বিষয়টি জানাজানি হলে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে কৌশলে পেছনের দরজা দিয়ে চম্পট দেয় অভিযুক্ত ইব্রাহীম।

ঘটনার পর রাতেই রক্তাক্ত ও বিপর্যস্ত অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে নিয়ে তার পরিবার সরিষাবাড়ী থানায় আশ্রয় নেয়। পরবর্তীতে শুক্রবার (৫ জুন) দুপুরে কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইব্রাহীমকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

“ধর্ষণের ঘটনায় থানায় সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই আসামি পলাতক। তাকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” — মোহাম্মদ ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সরিষাবাড়ী থানা।