গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গণপিটুনি দিয়ে ৩ যুবককে পুলিশে দিল জনতা

0
গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গণপিটুনি দিয়ে ৩ যুবককে পুলিশে দিল জনতা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় নেটওয়ার্কের সমস্যার কারণে ঘরের বাইরে এসে ফোনে কথা বলার সময় এক নারীকে (৩০) মুখ চেপে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ বখাটে যুবককে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ধর্ষণের পাশাপাশি ভুক্তভোগী নারীর মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়েরও অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ জুন) গভীর রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের গাছাবাড়ী মণ্ডলেরপাড়া (চরপাড়া) এলাকার বুরুঙ্গী বিলে এই বর্বরোচিত ঘটনা ঘটে।

শনিবার (৬ জুন) সকালে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের হেফাজতে নেয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন লাবু মিয়া (২৫), পিতা- অজ্ঞাত, সাং- গাছাবাড়ী মধ্যপাড়া। নিরব মিয়া (২০), পিতা- অজ্ঞাত, সাং- গাছাবাড়ী মধ্যপাড়া। বিপ্লব ওরফে ডিপজল (২৫), পিতা- অজ্ঞাত, সাং- ফুটানিবাজার (বোনারপাড়া ইউনিয়ন)।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী নারীর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই নারী নিজ ঘরে বসে মুঠোফোনে কথা বলছিলেন। ঘরের ভেতর মোবাইল নেটওয়ার্কের সমস্যা দেখা দিলে তিনি স্পষ্ট কথা বলার জন্য বাইরে এসে উঠানে দাঁড়ান।

পূর্ব থেকে ওত পেতে থাকা বখাটে লাবু, নিরব ও ডিপজল হঠাৎ ওই নারীর ওপর চড়াও হয় এবং চিৎকার করার আগেই তার মুখ চেপে ধরে। পরে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী বুরুঙ্গী বিলের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে যুবকেরা ওই নারীর ওপর পাশবিক নির্যাতন ও পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ চালায়। এ সময় ভুক্তভোগীর কাছে থাকা একটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা।

ধর্ষণের পর ভুক্তভোগী নারীর গোঙানি ও ধস্তাধস্তির শব্দ টের পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা চারদিক থেকে ধাওয়া করে ওই তিন যুবককে বুরুঙ্গী বিলের কাছেই অবরুদ্ধ করে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে সারারাত আটকে রাখে এবং সকালে সাঘাটা থানা পুলিশকে খবর দেয়।

শনিবার সকালে সাঘাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তিন যুবককে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। ভুক্তভোগী নারীর জবানবন্দি নেওয়া হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় থানায় একটি নিয়মিত ধর্ষণ ও ছিনতাই মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।