রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (০৬ জুন) বিকেল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারী ও সেবনকারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে ওই রাতেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার দিনব্যাপী এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। এদিন বিকেলে উপজেলার পশ্চিম বালুভরা (চোরপাড়া) গ্রামে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন। অভিযানে চিহ্নিত মাদক কারবারী স্বপ্না (৩৫)-কে আটক করে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই সময় স্বপ্নার ভাই স্বপন আলী ওরফে ধলু (২৭)-কে আটক করে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সাজাপ্রাপ্তরা ওই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের সন্তান। অন্যদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর গ্রামে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান। সেখানে মাদক বিক্রির অভিযোগে ওই গ্রামের মৃত আজিজ খানের ছেলে রিফাত খান (৩৯)-কে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত তিনজনকে শনিবার রাতেই কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এদিকে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। যুব-সমাজকে মাদকমুক্ত রাখতে উপজেলায় এই মাদকবিরোধী বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে

