ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে চানাচুর খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে একটি অটো গ্যারেজের টয়লেটে আটকে রেখে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর চিৎকার শুনে স্থানীয় জনতা হাতেনাতে অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
গতকাল রোববার (৭ জুন) বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মো. রুবেল হোসেন (৩০)। সে ওই ইউনিয়নের কাইজারকুন্ড এলাকার শাজাহান খলিফার ছেলে। এই ঘটনায় রাতেই ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ সোমবার (৮ জুন) সকালে পুলিশ অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার ওই গ্রামের একটি অটো গ্যারেজের পাশে খেলা করছিল সাত বছর বয়সী শিশুটি। এ সময় অভিযুক্ত রুবেল শিশুটিকে একা পেয়ে চানাচুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে ফুসলিয়ে গ্যারেজের ভেতরে নিয়ে যায়। এরপর গ্যারেজের ভেতরের একটি টয়লেটে শিশুটিকে ঢুকিয়ে ভেতর থেকে দরজা আটকে ধর্ষণের চেষ্টা চালায়।
ধর্ষণচেষ্টার একপর্যায়ে শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ছুটে আসেন। তারা টয়লেটের দরজা ভেঙে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং রুবেলকে ঘটনাস্থলেই অবরুদ্ধ করেন।
ঘটনাটি জানাজানি হলে মুহূর্তের মধ্যে গ্যারেজের সামনে শত শত গ্রামবাসী জড়ো হন। উত্তেজিত ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রুবেলকে গণধোলাই দেয়। পরে ধামরাই থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রুবেলকে জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
ঘটনার পর ক্ষোভ ও কান্নাভেজা কণ্ঠে ভুক্তভোগী শিশুটির বাবা বলেন “চানাচুর দেওয়ার কথা বলে আমার অবুঝ মেয়েটাকে টয়লেটের ভেতর আটকে রেখে রুবেল খারাপ কাজ করতে চেয়েছিল। আল্লাহর রহমতে এলাকাবাসী সময়মতো দরজা ভেঙে আমার মেয়েকে বাঁচিয়েছে। আমি আমার মেয়ের সাথে হওয়া এই অন্যায়ের চরম সুবিচার চাই। এই রুবেল এলাকায় একজন চিহ্নিত বখাটে। সে ইতিপূর্বেও এই ধরনের জঘন্য ও খারাপ কাজ করেছে।”
স্থানীয় বাসিন্দারাও জানান, রুবেলের বিরুদ্ধে এর আগেও এলাকায় নারী ও শিশু উত্ত্যক্তকরণের বেশ কিছু মৌখিক অভিযোগ ছিল। কিন্তু সামাজিক প্রভাব বা লোকলজ্জার ভয়ে কেউ আইনি পদক্ষেপ না নেওয়ায় সে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছিল।
রোববার রাতেই ধামরাই থানায় হাজির হয়ে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রুবেল হোসেনকে একমাত্র আসামি করে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)’-এর আওতাধীন সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন।

