আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, জখম শিশু: নেপথ্যে কি তবে ‘লিমন বড়ুয়া’?

0
আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, জখম শিশু: নেপথ্যে কি তবে 'লিমন বড়ুয়া'?

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের আনোয়ারায় রাতের আঁধারে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রী ও তার কিশোরী মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই বর্বরোচিত হামলায় গুরুতর জখম হয়েছে ওই পরিবারের ৫ বছর বয়সী এক শিশুও।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।

রক্তাক্ত এই হামলায় নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) স্থানীয় সুজন বড়ুয়ার স্ত্রী। প্রিয়ন্তী বড়ুয়া (১৬) সুজন-এনি দম্পতির কিশোরী কন্যা।

এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের ৫ বছরের শিশুসন্তান পিয়াস বড়ুয়া।

প্রতিবেশীরা জানান, শনিবার রাতে হঠাৎ সুজন বড়ুয়ার ঘর থেকে তীব্র চিৎকার ও গোঙানির শব্দ শুনে তারা ছুটে যান। ঘরের দরজার সামনে গিয়ে তারা উঠানে এনি বড়ুয়া ও তার শিশুপুত্র পিয়াসকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে বিছানায় প্রিয়ন্তী বড়ুয়ার রক্তাক্ত নিথর দেহ পাওয়া যায়।

ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে এনি বড়ুয়া ও প্রিয়ন্তী ঘটনাস্থলেই মারা যান। প্রতিবেশীরা দ্রুত মুমূর্ষু শিশু পিয়াসকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় একজন নিরাপত্তাকর্মী। তিনি চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা খাতুনগঞ্জের একটি আবাসিক এলাকায় কর্মরত। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।

নিহতের স্বামী সুজন বড়ুয়া জানান, “আমি শহরে ডিউটিতে ছিলাম। রাতে বড় ভাইয়ের ফোন পেয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে বাড়িতে এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে। ঘাতকেরা আমার পরিবারকে ধ্বংস করে দিল!”

হত্যাকাণ্ডের নেপথ্যে প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয় নামের এক যুবকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সুজন বড়ুয়া। তিনি দাবি করেন, লিমনের সঙ্গে তার বড় অঙ্কের আর্থিক লেনদেন ছিল।

সুজন বড়ুয়া আরও জানান, লিমনের কাছে টাকা পাওনার কিছু গুরুত্বপূর্ণ দালিলিক কাগজপত্র তার ঘরে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, সেই নথিপত্র চুরির উদ্দেশ্যে বা প্রমাণ লোপাট করতে লিমন এই হামলা চালিয়েছে। সুজন বড়ুয়ার দাবি, গুরুতর জখম অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগ মুহূর্তে তার স্ত্রী ঘাতক হিসেবে ‘লিমন বড়ুয়া তেজপ্রিয়’-র নাম উল্লেখ করে গেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মা ও মেয়ের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, পারিবারিক ও আর্থিক বিরোধের বিষয়টি মাথায় রেখে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত লিমন বড়ুয়া পলাতক রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।