
এনামুক হকঃ ময়মনসিংহের ত্রিশালে ধর্মীয় শিক্ষার পবিত্র স্থান মক্তবেই সাড়ে চার বছরের এক অবুঝ শিশুকন্যাকে পাশবিক ধর্ষণের নারকীয় ঘটনা ঘটেছে। এই বিকৃত লালসার অভিযোগে শাহিনুর ইসলাম (৪৪) নামে স্থানীয় একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ইমামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পবিত্র মসজিদের ভেতর কোমলমতি শিশুর ওপর এমন বর্বরতায় গোটা ত্রিশাল এলাকায় তীব্র ক্ষোভ ও গণ-অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ জনতা ঘাতক ইমামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
ভুক্তভোগী শিশুটির মায়ের লিখিত এজাহার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার বিকালেও শিশুটি মসজিদের ভেতরে ওই ইমামের কাছে পবিত্র কুরআন ও কায়দা শিক্ষার (প্রাইভেট) জন্য গিয়েছিল।
বিকাল ৩টার দিকে শিশুটির মা তার মেয়ের খোঁজ নিতে আকস্মিকভাবে মসজিদের ভেতরে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি যা দেখেন, তা কোনো মায়ের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। তিনি অভিযুক্ত ইমাম শাহিনুর ইসলাম ও তার সাড়ে চার বছরের শিশুকন্যাকে অত্যন্ত ‘আপত্তিকর ও অস্বাভাবিক’ অবস্থায় দেখতে পান।
মায়ের আর্তচিৎকার ও কান্না শুনে আশপাশের লোকজন ছুটে এসে মসজিদের ভেতর থেকে অভিযুক্ত ইমামকে হাতেনাতে আটক করে। উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম দেওয়ার পর ত্রিশাল থানা পুলিশের হাতে সোপর্দ করে।
ঘটনার পরপরই পুলিশ দ্রুত তৎপরতা শুরু করেছে। শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান,”ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং ন্যাক্কারজনক। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষা এবং ফরেনসিক আলামত সংগ্রহের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।”
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমকে জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পরপরই মামলার ভিত্তিতে অভিযুক্ত ইমাম শাহিনুর ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রবিবার তাকে কঠোর পুলিশি পাহারায় আদালতে তোলা হবে।
পুলিশ সুপার আরও আশ্বস্ত করেন যে, এই মামলার তদন্ত অত্যন্ত গুরুত্বের সাথে করা হচ্ছে, যাতে ভুক্তভোগী পরিবারটি দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার পায়। এদিকে, স্থানীয় সচেতন মহল পবিত্র ধর্মীয় স্থান ও শিশুদের সুরক্ষার প্রশ্নে এই লম্পট ইমামের ফাঁসির দাবি জানিয়েছেন।
