পটুয়াখালীতে কোষ্টগার্ডের অভিযানে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ; আটক ১

0
পটুয়াখালীতে কোষ্টগার্ডের অভিযানে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ; আটক ১

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ অর্থ এবং এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় চলাচলকারী একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রীর কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের দাবি, উপকূলীয় অঞ্চল ব্যবহার করে বিভিন্ন মাদক চক্র দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের চেষ্টা চালিয়ে আসছে। এসব চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পটুয়াখালীর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।