
আমতলী প্রতিনিধি: বরগুনা জেলার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুয়া চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা করায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ২ জন স্টাফসহ ৩ জনকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব ইফতি হাসান ইমরান বুধবার (০১ জুলাই) সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল সম্পন্ন করে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জি.আর. ৪/২০২৬ (তাল) নং মামলার ১নং আসামী মোঃ হারুন খান বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করে অপরাধের ঘটনার তারিখের আগের দিন তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ৩ দিন চিকিৎসা নেন জানান এবং তদসমর্থনে একটি ছাড়পত্র দাখিল করেন। উক্ত চিকিৎসা ছাড়পত্রটির সঠিকতা নিয়ে বিজ্ঞ আদালতের সন্দেহ সৃষ্টি হলে বিজ্ঞ আদালত আমতলী হাসপাতালের রেজিস্ট্রার তলব করে তাতে ক্রমিকের ঘরে গরমিল দেখতে পান।
বিজ্ঞ আদালত আসামী মো: হারুন ও তার স্ত্রী তাসলিমাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাসলিমা স্বীকার করেন যে, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইমার্জেন্সি এটেনডেন্ট নজরুল ইসলাম পহলান ও একই হাসপাতালের অবৈতনিক সহকারী মো: নূরল হক তাকে ছাড়পত্রটি টাকার বিনিময়ে প্রদান করেন। অতপর বিজ্ঞ আদালত নজরুল ইসলাম ও মো. নুরুল হক কে তলব করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, আমতলী হাসপাতাল থেকে দেওয়া মোঃ হারুন খা এর চিকিৎসা ছাড়পত্রটি ভূয়া বা তাদের কর্তৃক জাল জালিয়াতি করে সৃষ্টি। বিজ্ঞ আদালত তাৎক্ষণিক সামারি ট্রায়াল পরিচালনা করে আসামী তাসলিমা, নজরুল ইসলাম ও মো নূরুল হককে ০৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী মোঃ আবু বকর সিদ্দিক এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। একজন বিচারকের নিজ উদ্যোগে এমন বিচার এলাকায় ব্যাপক প্রশংসিত ও আলোচিত হয়েছেন। এ রকম অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট তাদের জন্য একটি কঠোর বার্তা হিসেবে ভবিষ্যতে কাজ করবে বলে মনে করছেন এলাকাবাসীরা।
