৯৯৯-এ ফোন: টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৫৮ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

0
৯৯৯-এ ফোন: টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ৫৮ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ঘরে আটকে রেখে ধর্ষণচেষ্টার লোমহর্ষক ঘটনা ঘটেছে। তবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর তাৎক্ষণিক তৎপরতা ও স্থানীয় পুলিশের দ্রুত অভিযানে রক্ষা পেয়েছে শিশুটি। এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন জাকারিয়া শেখ (৫৮) নামের এক বৃদ্ধকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার তারাইল এলাকায় এই ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত জাকির হোসেন বাঘিয়ারকুল এলাকার মৃত বারিক শেখের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ওই শিশুটি বাড়ির পাশে পানি আনতে বের হয়। এ সময় নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত জাকির হোসেন শিশুটিকে ‘কলা খাওয়ানোর’ প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যান। ঘরে আটকে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।

এদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেয়ে ঘরে না ফেরায় মা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত জাকিরের বদ্ধ ঘরের ভেতর থেকে মেয়ের গোঙানি ও চিৎকার শুনতে পান তিনি। মা চিৎকার করে দরজায় সজোরে ধাক্কা দিলে বেগতিক দেখে অভিযুক্ত জাকির শিশুটিকে ঘর থেকে বের করে দেয় এবং নিজে ভেতর থেকে দরজা লক করে আটকে থাকে।

বিলম্ব না করে ভুক্তভোগী পরিবার তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এবং টুঙ্গিপাড়া থানায় যোগাযোগ করে বিষয়টি জানায়।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, “৯৯৯ থেকে তথ্য পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। অভিযুক্ত ব্যক্তি তখনো ঘরের ভেতরেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছিল। পরে দরজা খুলিয়ে তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।”

এই ন্যাক্কারজনক ঘটনায় টুঙ্গিপাড়ার তারাইল এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ ও কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী শিশুর মা বলেন, “আমার অবুঝ ও নাবালিকা মেয়ের সাথে যে পাশবিক আচরণের চেষ্টা করা হয়েছে, আমি তার দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি চাই, যেন আর কোনো মা-কে এমন পরিস্থিতিতে পড়তে না হয়।”

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে । অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরাধের পেছনে অন্য কোনো বিষয় আছে কি না তা তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”