পরীক্ষায় প্রশ্ন বুঝিয়ে দেওয়ার নামে ছাত্রীকে যৌন নিপীড়ন, দিনাজপুরে শিক্ষক গ্রেপ্তার

0
পরীক্ষায় প্রশ্ন বুঝিয়ে দেওয়ার নামে ছাত্রীকে যৌন নিপীড়ন, দিনাজপুরে শিক্ষক গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে মো. ওয়াহেদ আলী নামে এক সহকারী শিক্ষককে (মৌলভী) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার দুপুরে উপজেলার আলোকঝাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়াহেদ আলী ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় দারুল কোরআন মডেল মাদরাসায় পড়াশোনার পাশাপাশি আলোকঝাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নিচ্ছিল। গত সোমবার ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা চলাকালীন একটি প্রশ্ন বুঝতে না পেরে সে দায়িত্বরত শিক্ষকের সহযোগিতা চায়।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রশ্ন বুঝিয়ে দেওয়ার অজুহাতে শিক্ষক ওয়াহেদ আলী ওই ছাত্রীকে পরীক্ষার হল থেকে ডেকে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যান। সেখানে ফাঁকা অফিস কক্ষে তিনি ওই শিক্ষার্থীর সঙ্গে অনভিপ্রেত ও আপত্তিকর আচরণ (যৌন নিপীড়ন) করেন। পরবর্তীতে ওই ছাত্রী কক্ষ থেকে বেরিয়ে বিদ্যালয়ের অন্য কয়েকজন শিক্ষককে বিষয়টি জানায়।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে খানসামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ওয়াহেদ আলীকে আটক করে। গতকাল মঙ্গলবার পুলিশ তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষক ওয়াহেদ আলীর বিরুদ্ধে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে ছাত্রীদের সাথে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছিল। তবে প্রতিবারই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়গুলো ধামাচাপা দিয়ে এসেছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।