চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযান ১৫০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১

0
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযান ১৫০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. রাজিব আলী (২৯) নামে এক যুবককে ৬৮ বোতল সিরাপসহ আটক করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ৭ আগস্ট দিবাগত রাত থেকে ৮ আগস্ট ভোররাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের সোনামসজিদ ও আজমতপুর বিওপি এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাপ সিরাপসহ মো. রাজিব আলীকে আটক করা হয়। আটক রাজিব আলী শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

অপরদিকে, আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর গ্রামের জনৈক জমশেরের আমবাগানে অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় আরও ৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাপ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা নেশাজাতীয় সিরাপের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।