এ এম মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর মহিপুরে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে তার দুই সহযোগী।
সোমবার বিকেলে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনের কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামিকে কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত বেল্লাল হোসেন হাওলাদার মহিপুর থানার আলীপুর ৩ নং ওয়ার্ডের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে। অন্যদিকে পলাতক আসামিরা হলো- নয়াপাড়া এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে আল আমিন খলিফা (৪২) এবং আমির ফকিরের ছেলে মো. রুমান (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে কাঁচা রাস্তার ওপর ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানকালে স্থানীয় জনগণের সহায়তায় বেল্লালকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার সাথে থাকা অন্য দুই সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ বেলাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার বেলালসহ পলাতক আরও দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে গ্রেপ্তার আসামিকে কলাপাড়া জুডিশিয়াল আদালতে প্রেরন করা হয়েছে।’

