রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার

0
রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ বলছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চোলাইমদ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান। পুলিশ জানায়, চন্দ্রিমা থানা পুলিশ ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকা থেকে শামসুল হককে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৪ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

বোয়ালিয়া থানা পুলিশ মীরের চক এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে আবিদ হোসেন ও দেবাশীষ সরকারকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা এবং নগদ ৮ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এয়ারপোর্ট থানা পুলিশ মাঝিগ্রামে অভিযান চালিয়ে মেছের খান ওরফে বাবু, সাবিরুল ইসলাম ও গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে। এ সময় সাবিরুলের কাছ থেকে ১৫ পিস এবং রব্বানীর কাছ থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি হরিজন পল্লি এলাকা থেকে অভয় কুমার সরকার ওরফে বিজয়কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

এ ছাড়া আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর, তাননিন হোসেন, রাব্বি, রনি ও রকি ওরফে বিশালকে গ্রেপ্তার করে। পুলিশ তাদের কাছ থেকে ৫৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৫৭০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দের কথা জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।