শার্শায় প্রতারক চক্রের ৩ সদস্য আটক, নগদ টাকাসহ সরঞ্জাম উদ্ধার

0
শার্শায় প্রতারক চক্রের ৩ সদস্য আটক, নগদ টাকাসহ সরঞ্জাম উদ্ধার

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শায পুলিশের একটি বিশেষ অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লক্ষ ৭৬ হাজার টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ​ শুক্রবার (১৬ অক্টোবর ) দিবাগত রাতে উপজেলার বাগুড়ী এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

​আটককৃতরা হলেন, ঝিনাইদাহ জেলার কালীগন্জ উপজেলার আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫০),একই জেলার মৃত আমীন উদ্দীনের ছেলে বকুল হোসেন (৫০),শার্শা উপজেলা রামপুর গ্রামের মৃত ছাফেদ আলী মন্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।

​পুলিশ সূত্রে জানা যায়, বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। শুক্রবার রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে ওই বাড়ির নিচতলার একটি রুমে অভিযান চালিয়ে পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে আটক করা হয়।

​অভিযানকালে আটকদের কাছ থেকে ​নগদ টাকা: ২,৭৬,০০০/- (দুই লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা (১০০০ টাকার ২৭৬টি নোট)। ৩টি পুরাতন ব্যবহৃত স্মার্টফোন। ১০০০ টাকার নোটের সাইজের ০৮টি কাচের টুকরা, ২টি লাল সালুক কাপড়, ২টি লাল রঙের ব্যবহৃত কাটিং সুতা এবং ১টি পুরাতন ব্যবহৃত নীল রঙের হ্যান্ডব্যাগ।

​শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটক কৃত আসামিদের শুক্রবার (১৬ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ​ তিনি আরো জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতারণামূলক কৌশলের মাধ্যমে সাধারণ মানুষের সর্বস্বান্ত করে আসছিল। উদ্ধারকৃত কাচের টুকরা, লাল কাপড় ও সুতা তারা সাধারণ মানুষকে ঠকানোর ফাঁদ হিসেবে ব্যবহার করত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।