রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে বেলঘরিয়া পূর্বপাড়া গ্রামের আছিয়া বেগমের (৫২) বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আছিয়া বেগমকে গ্রেপ্তার করা হলেও তাঁর সহযোগী একই গ্রামের রেজভী আহমেদ (৩৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিন রাত পৌনে ১টার দিকে মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়া এলাকান থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১০০ টাকা ও একটি মোবাইল ফোন সহ আবু হানিফকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মতিহার থানায় পাঁচটি ও বেলপুকুর থানায় একটি মাদক মামলা রয়েছে।
এর আগে দুপুর দেড়টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বোয়ালিয়া থানার হোসেনীগঞ্জ এলাকা থেকে ৯০০ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৫০০ টাকা সহ শহিদুল ইসলাম শহিদকে (৪৫) গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং পেনাল কোডে একটি মামলা রয়েছে।
এদিকে, মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, মাদক মামলার চারজন এবং অন্যান্য মামলার পাঁচজন রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

