
অর্থনৈতিক প্রতিবেদকঃ দেশের বিদ্যমান সংকটপূর্ণ পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে যুক্ত হচ্ছে ৬০ হাজার কোটি টাকার বিশাল অঙ্কের ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ (পুনরুদ্ধার ও সমন্বয়) প্রকল্প। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলারের একটি শক্তিশালী অর্থনীতিতে উন্নীত করার সুদূরপ্রসারী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) রাজধানীতে অনুষ্ঠিত ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব তথ্য জানান।
তিনি বলেন, “বিদ্যমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সরকার নিরলসভাবে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।”
উপদেষ্টা অধ্যাপক তিতুমীর জানান, আগামী বাজেটে মূলত দেশের অর্থনৈতিক ক্ষত মেরামত এবং বিভিন্ন খাতের সমন্বয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ৬০ হাজার কোটি টাকার এই বিশেষ প্রকল্পের মূল লক্ষ্য হবে—সংকটকবলিত খাতগুলোকে টেনে তোলা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টি করা।
সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনার অংশ হিসেবে দুটি বড় উদ্যোগের কথা জানান অর্থ উপদেষ্টা:
আগামী ২০৩৪ সালের মধ্যে দেশের জিডিপির আকার ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার রোডম্যাপ তৈরি করা হয়েছে।
দেশের আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একটি সমন্বিত ‘জাতীয় স্বাস্থ্যব্যবস্থা’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রয়োজনীয় কর্মপরিকল্পনা বর্তমানে চলমান।
‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা ও খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। তারা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবমুখী নীতিমালা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনার মূল উপাদানের মধ্যে ছিল কৃষকদের প্রকৃত স্বার্থ রক্ষায় কৃষি খাতে সরকারি অর্থায়ন ও ভর্তুকি বৃদ্ধি এবং একটি উৎপাদনমুখী শিল্পভিত্তিক বাজেট প্রণয়নের দাবি। তেল ও বিদ্যুৎ খাতের চলমান চ্যালেঞ্জ এবং পরিবেশগত সংকট মোকাবেলায় বিকল্প খোঁজার তাগিদ। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং আমদানি-রপ্তানি খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে সম্ভাবনাকে কাজে লাগানো।
অংশগ্রহণকারীরা মনে করেন, ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি প্রকল্প’ দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে। তবে এই বিশাল বাজেট বাস্তবায়নে সুশাসন, স্বচ্ছতা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।
সরকারের এই নতুন অর্থনৈতিক রূপরেখা দেশের সামষ্টিক অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
