অপচয় ঠেকিয়ে জবাবদিহির বাজেট: সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

0
অপচয় ঠেকিয়ে জবাবদিহির বাজেট: সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদকঃ দীর্ঘ দেড় দশকের অপচয়নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে একটি জবাবদিহিমূলক ও কার্যকর ব্যয় ব্যবস্থাপনা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বিগত স্বৈরাচারী আমলে জনগণের আশা-আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ছিল না। তবে এবারের বাজেট সব শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে ‘সবার জন্য বাংলাদেশ’, অর্থনৈতিক গণতন্ত্র এবং নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে প্রণয়ন করা হয়েছে।

জনগণের অর্থের অপচয় রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এখন থেকে যেকোনো নতুন উন্নয়ন প্রকল্প ও ব্যয় অনুমোদনের ক্ষেত্রে ৪টি মূল মানদণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এগুলো হলো ব্যয়ের যথাযথ মূল্য নিশ্চিত করা।বিনিয়োগের সঠিক প্রতিফল বা রিটার্ন যাচাই। প্রকল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি। পরিবেশের ওপর প্রকল্পের প্রভাব মূল্যায়ন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা অপচয়নির্ভর অর্থনীতি থেকে বের হতে চাই। জনগণের টাকার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই ৪টি মানদণ্ডের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।” — বদলে যাওয়া ভূরাজনীতি ও বিশ্ব অর্থনীতির অস্থিরতার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ-সংঘাত এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে। বাংলাদেশের মতো দেশের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এবারের বাজেটে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ দেওয়া হয়েছে, যার ওপর ভিত্তি করে দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে।

রাজনৈতিক পরিবর্তনের পর নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি বলে স্বীকার করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “একটি ভিন্ন প্রেক্ষাপট ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের এই বাজেট প্রণয়ন করতে হয়েছে। বাজেট তৈরিতে আমরা সর্বোচ্চ শ্রম দিয়েছি। আমরা কতটা সফল হয়েছি, তা এখন দেশের মানুষই মূল্যায়ন করবে।”

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, এনবিআর চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর।