৭ শিক্ষক মিলেও ১০ পরীক্ষার্থীর কাউকেই পাস করাতে পারলেন না

0
৭ শিক্ষক মিলেও ১০ পরীক্ষার্থীর কাউকেই পাস করাতে পারলেন না

ভূঞাপুর প্রতিবেদক: চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়টিতে ৭ জন শিক্ষক থাকলেও পরীক্ষায় অংশ নেয়া ১০ শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। সোমবার ঘোষিত ফলাফলের এমন চিত্র হতাশ করেছে সবাইকে। শতভাগ অকৃতকার্য হওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে অবস্থিত গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যলয়টিতে বর্তমানে ৭ জন শিক্ষক কর্মরত রয়েছে। আর শিক্ষার্থী রয়েছে ১৭৩ জন। চলতি বছর এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১০ জন শিক্ষার্থী। এরমধ্যে নিয়মিত আটজন ও অনিয়মিত দুইজন পরীক্ষার্থী রয়েছে। সোমবার পরীক্ষার ফলাফল প্রকাশের পর হতাশা নেমে আসে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। ঘোষিত ফলাফলে দেখা যায় ১০ জন পরীক্ষার্থীর সবাই ইংরেজি বিষয়ে ফেল করেছে।

এদিকে ৭ জন শিক্ষকের ১০ জন শিক্ষার্থীর কেউ পাস না করায় স্থানীয় লোকজন ও অভিভাবকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, এমন ফলাফল মেনে নেয়ার মতো নয়। সামনে যাতে বিদ্যালয়টিতে ভালো ফলাফল হয় এ জন্য শিক্ষক, ছাত্র, অভিভাভকসহ সবাইকে আন্তরিক হতে হবে।

অধ্যয়নরত শিক্ষার্থীরা বর্তমান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো ফলাফল বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে। এ জন পড়াশোনার বিকল্প নেই জানায় তারা।

ভৌগোলিক সমস্যাকে দায়ী করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলী জানান, এবারই প্রথম এমন ফলাফল হয়েছে। সামনে যাতে ভালো করা যায় এজন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে উপজেলা চরাঞ্চলের আরেক প্রতিষ্ঠান বিএম দাখিল মাদ্রাসার একজন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে একজনই ফেল করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) শহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান প্রধানকে কারন দর্শানো নোটিশ দেয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।