বিনোদন প্রতিবেদকঃ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই—এই প্রবাদটিই যেন ফের প্রমাণ করলেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়িকা শিমলা। মাত্র বছর দুয়েক আগে যাকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম হাতে বঙ্গবন্ধু এভিনিউতে দেখা গিয়েছিল, সেই শিমলাই এখন ধানের শীষের প্রচারণায় মাঠ কাঁপাচ্ছেন। এই ভোলবদল নিয়ে নেটপাড়ায় বইছে আলোচনার ঝড়।
২০২৪ সালের জানুয়ারির নির্বাচনের আগে শিমলা ছিলেন কট্টর আওয়ামী লীগ অনুসারী। ঝিনাইদহ-১ আসনের জন্য নৌকার মনোনয়ন ফরম কিনে তিনি গণমাধ্যমে বলেছিলেন, স্বপ্নে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে কিছু একটা দিচ্ছেন। নিজেকে ‘আওয়ামী লীগ পরিবারের সন্তান’ দাবি করে তখন তিনি আশাবাদী ছিলেন প্রধানমন্ত্রীর আশীর্বাদ পাওয়ার ব্যাপারে। কিন্তু ভাগ্যের পরিহাসে তখন মনোনয়ন পাননি তিনি।
সেই ‘স্বপ্ন’ আর ‘আদর্শ’ পেছনে ফেলে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শিমলাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক রূপে। ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় গায়ক মনির খান, রবি চৌধুরী এবং অভিনেতা শাহেদ শরীফ খানদের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজপথে নামেন তিনি। রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন এই নায়িকা।
প্রচারণার ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হলে শিমলা তাঁর দলবদল নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। বেশ রহস্য ধরে রেখে তিনি বলেন: “আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। মানুষের ব্যাপক সাড়াও পাচ্ছি। দয়া করে আমাকে নিয়ে এখন কোনো নয়-ছয় কথা বলবেন না। আমার অনেক কথা জমানো আছে, যা আগামী ১২ তারিখ (ভোটের দিন) পার হওয়ার পর সবাইকে খুলে বলব।”
শোবিজ অঙ্গনের তারকারা সাধারণত রাজনৈতিক দলবদলের ক্ষেত্রে বেশ সতর্ক থাকেন। তবে শিমলার এই প্রকাশ্য অবস্থান পরিবর্তনকে অনেকেই ‘সুবিধাবাদী রাজনীতি’ হিসেবে দেখছেন, আবার তাঁর ভক্তদের একাংশ মনে করছেন এটি তাঁর ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার।
আগামী ১২ তারিখের পর শিমলা কী এমন ‘বিস্ফোরক’ তথ্য দেবেন, এখন সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক ও বিনোদনপাড়া।

