রোগী সেজে জেলা হাসপাতালে এমপি জাহান্দার আলীর আকস্মিক পরিদর্শন

0
রোগী সেজে জেলা হাসপাতালে এমপি জাহান্দার আলীর আকস্মিক পরিদর্শন

আরিফুর রহমান প্রতিনিধি: মাদারীপুর মাদারীপুরের ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে রোগী সেজে আকস্মিক পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করেন এবং চিকিৎসা নেওয়ার প্রক্রিয়ায় অংশ নেন। পরে নিজের পরিচয় প্রকাশ করে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান এবং ওষুধ সরবরাহ পরিস্থিতি সরেজমিনে যাচাই করেন। জরুরি বিভাগে গিয়ে চলমান চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে চিকিৎসা, খাবারের মান ও পরিচ্ছন্নতা বিষয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে উপস্থিত রোগী ও স্বজনরা জানান, আকস্মিক এ পরিদর্শনে তারা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই এমন উদ্যোগকে সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ হিসেবে মন্তব্য করেন। পরিদর্শন শেষে জাহান্দার আলী মিয়া বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে হঠাৎ এ পরিদর্শন করা হয়েছে। আমাদের লক্ষ্য, সাধারণ মানুষ যেন সরকারি স্বাস্থ্যসেবা থেকে কোনোভাবেই বঞ্চিত না হন।”

তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেও কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, এমন নজরদারি অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।