আন্তর্জাতিক ডেস্ক: ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা এই ভয়াবহ প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের পর এই প্রথমবারের মতো এত বিশাল সংখ্যক মানুষের মৃত্যুর বিষয়টি স্বীকার করল ইরান কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের এই মৃত্যুর জন্য মূলত ‘সন্ত্রাসীরা’ দায়ী। তবে নিহতদের মধ্যে সাধারণ নাগরিক কতজন এবং নিরাপত্তা বাহিনীর সদস্য কতজন, সে সম্পর্কে তিনি সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রদান করেননি।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর তেহরানের স্থানীয় বাজারগুলোতে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ছোট ছোট মিছিলের মাধ্যমে এই আন্দোলনের সূত্রপাত হয়। যা পরবর্তীতে দেশজুড়ে ব্যাপক আকার ধারণ করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাগামহীন মুদ্রাস্ফীতি এবং ইরানি মুদ্রা ‘রিয়াল’-এর নজিরবিহীন দরপতনের ফলে ক্ষুব্ধ তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ রাজপথে নেমে আসে।
গত বৃহস্পতিবার থেকে ইরানের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নির্বাসিত শেষ শাহ-এর ছেলে রেজা পাহলভি বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দিলে রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। তীব্র বিক্ষোভ দমনে প্রশাসনের অভিযান চলমান থাকায় দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

