কোরআন তিলাওয়াতরত অবস্থায় শেষ বিদায়: খামেনির ‘অন্তিম মুহূর্তের’ ছবি প্রকাশ করল তেহরান

0
কোরআন তিলাওয়াতরত অবস্থায় শেষ বিদায়: খামেনির ‘অন্তিম মুহূর্তের’ ছবি প্রকাশ করল তেহরান

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ সেই যৌথ সামরিক আগ্রাসনের চার সপ্তাহ পর ইসলামি বিপ্লবের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবনের শেষ মুহূর্তের একটি হৃদয়স্পর্শী ছবি প্রকাশ করেছে তেহরান। শুক্রবার (২৭ মার্চ) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া এই বিরল ছবিটি জনসমক্ষে আনে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, মাথায় কালো পাগড়ি ও ঐতিহ্যবাহী আলখাল্লা পরিহিত খামেনি তার কার্যালয়ে অত্যন্ত নিবিষ্ট মনে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন। তেহরানের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আকস্মিক বিমান হামলার ঠিক আগ মুহূর্তের দৃশ্য এটি। ওই পৈশাচিক হামলায় খামেনিসহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা এবং তার পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করেন।

গত ২৮ ফেব্রুয়ারির সেই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে শুরু করেছে।
সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে তেহরানের মুহুর্মুহু পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে কোনো ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একে নিজের বিজয় হিসেবে দাবি করে জানিয়েছেন, অভিযানের লক্ষ্য প্রায় অর্জিত। এদিকে ইসরাইল লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা আরও জোরদার করেছে এবং কোনো প্রকার কূটনৈতিক সমাধানের পথ আপাতত বন্ধ রেখেছে।

আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণে তেহরানের ক্ষমতা কাঠামোতে যে সাময়িক শূন্যতা তৈরি হয়েছিল, তা দ্রুতই কাটিয়ে উঠেছে ইরান। তার সুযোগ্য সন্তান মোজতবা খামেনি বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বেই এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান ছায়াযুদ্ধ ও সরাসরি সংঘাত পরিচালিত হচ্ছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ দাবি করেছে, হামলার পর খামেনির নিথর দেহের ছবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখানো হয়েছে। পরবর্তীতে স্যাটেলাইট চিত্রেও খামেনির বাসভবন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য ধরা পড়ে। তবে আজকের এই ছবি প্রকাশের মাধ্যমে ইরান তাদের নেতার আধ্যাত্মিক দৃঢ়তার বিষয়টিই বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাইল।