মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: দুবাইয়ে ইউক্রেনীয় ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২১ বিশেষজ্ঞের প্রাণহানির আশঙ্কা

0
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: দুবাইয়ে ইউক্রেনীয় ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২১ বিশেষজ্ঞের প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণে এক নজিরবিহীন মোড় নিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি ইউক্রেনীয় প্রতিরক্ষা স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের দাবি, ওই স্থাপনাটি মার্কিন বাহিনীকে আকাশপথে সুরক্ষা দেওয়ার জন্য একটি ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপো’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এবং আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। হামলায় ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ব্যবস্থার একটি বিশাল সংরক্ষণাগার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

বিস্ফোরণের সময় সেখানে অবস্থানরত ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন কমান্ডার ও সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলার সমান্তরালে এই ইউক্রেনীয় ডিপোটিকে নিশানা করা হয়।

এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি জানান, পশ্চিম এশিয়ায় অবস্থিত ১৭টি মার্কিন সামরিক ঘাঁটি ইতোমধ্যে ইরানি বাহিনী ধ্বংস করে দিয়েছে। শেখারচির মতে, ২০২৫ সালের সংঘাতের পর ইরান তার ‘প্রতিরক্ষামূলক’ নীতি পরিবর্তন করে ‘আক্রমণাত্মক’ কৌশল গ্রহণ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গত ৪৭ বছরে ইরান কাউকে আগে আক্রমণ করেনি, কিন্তু আক্রান্ত হলে শত্রুকে সম্পূর্ণ পরাজিত না করা পর্যন্ত থামবে না।”

মর্মান্তিক এই হামলার দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক আকস্মিক সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান। সেখানে তিনি আমিরাত কর্তৃপক্ষের সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ঘোষণা দেন। তবে হামলার বিষয়ে তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কড়া প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মার্কিন ও ইউরোপীয় গোয়েন্দা সূত্রের বরাতে এপি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত বিখ্যাত ‘শাহেদ’ ড্রোনের অত্যন্ত আধুনিক সংস্করণ এখন ইরানে পাঠাচ্ছে রাশিয়া। নতুন এই ড্রোনগুলোতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভুল নিশানার জন্য। জেট ইঞ্জিন গতি ও সক্ষমতা বৃদ্ধির জন্য। স্টারলিংক ইন্টারনেট নিরবচ্ছিন্ন নেভিগেশনের জন্য। উন্নত জ্যামার-প্রতিরোধী প্রযুক্তি।

দাবি করা হচ্ছে, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে এসব আধুনিক সমরাস্ত্র তেহরানে পৌঁছাচ্ছে। যদিও ক্রেমলিন এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, ইরান বিদেশি সহায়তা পেলেও তা মার্কিন অভিযানের সাফল্যে কোনো প্রভাব ফেলবে না। তবে দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে সরাসরি হামলা এবং ইউক্রেনীয় বিশেষজ্ঞদের হতাহতের খবর পুরো বিশ্বকে এক নতুন যুদ্ধের আশঙ্কায় ফেলছে।