যুদ্ধের স্থায়ী অবসান চায় ইরান: ওয়াশিংটনকে দেওয়া ১৪ দফার শান্তি প্রস্তাবের বিস্তারিত

0
যুদ্ধের স্থায়ী অবসান চায় ইরান: ওয়াশিংটনকে দেওয়া ১৪ দফার শান্তি প্রস্তাবের বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব পেশ করেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার রবিবারের (৩ মে) এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরান কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং আগামী ৩০ দিনের মধ্যে সমস্ত অমীমাংসিত ইস্যু মিটিয়ে যুদ্ধের চিরস্থায়ী অবসান ঘটাতে চায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৯ দফার একটি শান্তি পরিকল্পনা দেওয়া হয়েছিল। তারই পাল্টা জবাব হিসেবে ইরান এই ১৪ দফার প্রস্তাব উত্থাপন করেছে। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, তেহরানের এই প্রস্তাবের মূল লক্ষ্য বারবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং একটি টেকসই ও চূড়ান্ত সমাধান নিশ্চিত করা।

ইরানের প্রস্তাবিত এই শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর ও কৌশলগত শর্তারোপ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইরানের ওপর আরোপিত সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিতে হবে। ইরানের সমুদ্রসীমায় থাকা সব ধরনের মার্কিন ও মিত্র বাহিনীর নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতির সম্পূর্ণ অবসান ঘটাতে হবে। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানসহ মধ্যপ্রাচ্যের সব ধরনের বৈরিতা ও যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, দুই দেশের মধ্যে আলোচনার পথ এখনো বন্ধ হয়নি। বর্তমানে ৩ সপ্তাহের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, কূটনৈতিক সমাধান খুঁজতে ওমানের মধ্যস্থতা আবারও সক্রিয় হয়ে উঠেছে। রোববার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। উল্লেখ্য, যুদ্ধের আগেও এই দুই চিরবৈরী দেশের মধ্যে আলোচনার মূল সেতুবন্ধন হিসেবে কাজ করেছিল মাস্কাট।

বর্তমান এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে। খোদ যুক্তরাষ্ট্রের একটি বিমানসংস্থা আর্থিক সংকটের কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের এই ৩০ দিনের সময়সীমা ও ১৪ দফার প্রস্তাব ওয়াশিংটন কীভাবে গ্রহণ করে, তার ওপরই নির্ভর করছে আগামীর বিশ্বশান্তি।

সূত্র: আল জাজিরা ও নূর নিউজ।