ডাবলিনে মসজিদে ভয়াবহ অগ্নিসংযোগ: ‘ইসলামোফোবিয়া’ বা বিদ্বেষমূলক হামলার সন্দেহে আইরিশ গোয়েন্দাদের চিরুনি তল্লাশি

0
ডাবলিনে মসজিদে ভয়াবহ অগ্নিসংযোগ: ‘ইসলামোফোবিয়া’ বা বিদ্বেষমূলক হামলার সন্দেহে আইরিশ গোয়েন্দাদের চিরুনি তল্লাশি

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩ জন, ব্যাপক ক্ষতিগ্রস্ত ভবন; সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্কঃ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি মসজিদে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন) বিকেলে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। দেশটির পুলিশ (গার্দা) প্রাথমিক আলামত ও প্রত্যক্ষদর্শীদের বিবৃতির ওপর ভিত্তি করে একে একটি ‘পরিকল্পিত হামলা’ বা বিদ্বেষমূলক অপরাধ (Hate Crime) হিসেবে ধরে নিয়ে তদন্ত শুরু করেছে। সোমবার আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই (RTE) এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৩টা নাগাদ ডাবলিনের ব্যস্ততম তালবট স্ট্রিটের ‘আল মদিনা হল’ মসজিদে আকস্মিক অগ্নিসংযোগ করা হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে।

ডাবলিনের ফায়ার ব্রিগেড জানিয়েছে, মসজিদের প্রাঙ্গণ থেকে তীব্র ধোঁয়া বের হওয়ার জরুরি বার্তা পেয়েই দ্রুত দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। লড়াকু প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঐতিহাসিক এই মসজিদ ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত, অগ্নিকাণ্ডের সময় মসজিদের ভেতরে থাকা তিনজনকে অক্ষত ও নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন উদ্ধারকারীরা। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শহরের কেন্দ্রস্থলে এই অগ্নিকাণ্ড ও উদ্ধার অভিযানের কারণে পুরো ডাবলিনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে সংলগ্ন এলাকার গণপরিবহন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয় এবং পুরো তালবট স্ট্রিট জুড়ে যান চলাচলে তীব্র জট ও বিঘ্ন ঘটে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর ফরেনসিক পরীক্ষা ও নিরাপত্তার স্বার্থে পুরো মসজিদ ভবনটি সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

আইরিশ পুলিশ বাহিনী ‘গার্দা শিওশানা’ (Garda Síochána) এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন “আমরা একটি সুনির্দিষ্ট ও জোরালো সূত্র ধরে আমাদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। আশপাশের এলাকার সমস্ত সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করার কাজ চলছে। ডাবলিনের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টাকে কঠোর হস্তে দমন করা হবে।”

এদিকে এই ঘটনার পর আয়ারল্যান্ডের প্রবাসী মুসলিম সম্প্রদায় ও স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আইরিশ মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ডাবলিনের স্থানীয় বাসিন্দারাও এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে মসজিদে পাশে এসে দাঁড়িয়েছেন।