জয়নাল আবেদীন: রংপুরের পীরগঞ্জে জমি জমার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকান্ডের মামলায় মিজানুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ রায় ঘোষণা করেন। আদালত সুত্রে জানা যায় ২০১৪ সালের ১ এপ্রিল সকাল ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর মৌজার ৩২৪১ দাগের জমির বিরোধের সূত্র ধরে সংঘর্ষ ঘটে। জমিতে প্রবেশ করে আসামি মিজানুর রহমান চাইনিজ কুড়াল দিয়ে আব্দুল হালিম মিয়ার মাথায় আঘাত করে এবং অপর আসামি মাহফুজার রহমান লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন।পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হালিমের মৃত্যু হয়।
একই ঘটনায় সাক্ষী মেহের নিগার-কেও আঘাত করার ঘটনায় খাদেমুল ইসলাম-কে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। মামলার অন্যান্য আসামিকে খালাস দেওয়া হয় এবং মামলার আরেক আসামি মাহফুজার রহমান মৃত্যুবরণ করায় তাকে আগেই অব্যাহতি দেওয়া হয়।রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আফতাব উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়া চলছিল। আমরা মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করেছি।
আদালত সত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে বিশ্বাস করে ন্যায় বিচারপূর্ণ রায় দিয়েছেন। এই রায়ের মধ্য দিয়ে নিহত আব্দুল হালিমের পরিবার ন্যায়বিচার পেয়েছে।আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোঃ আব্দুর রশীদ চৌধুরী।

