জিয়াউলের ‘কিলিং নেটওয়ার্ক’: দেড় বছরেই খুন ১৫০-২০০ মানুষ, ট্রাইব্যুনালে সাবেক রানারের কান্নামিশ্রিত রোমহর্ষক জবানবন্দি

0
জিয়াউলের 'কিলিং নেটওয়ার্ক': দেড় বছরেই খুন ১৫০-২০০ মানুষ, ট্রাইব্যুনালে সাবেক রানারের কান্নামিশ্রিত রোমহর্ষক জবানবন্দি

আদালত প্রতিবেদকঃ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম রূপকার, সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর ও রোমহর্ষক সাক্ষ্য দিয়েছেন তাঁরই সাবেক বডিগার্ড বা রানার সেনা সদস্য ইমরুল কায়েস। মাত্র এক বছর তিন থেকে চার মাসের মধ্যে জিয়াউল আহসানের নেতৃত্বে অন্তত ১৫০ থেকে ২০০ মানুষকে গুলি, ইনজেকশন ও অন্যান্য উপায়ে নির্মমভাবে হত্যা করতে দেখেছেন বলে ট্রাইব্যুনালে দাবি করেছেন তিনি।

আজ রোববার (২১ জুন) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ উপস্থিত হয়ে পঞ্চম সাক্ষী হিসেবে সেনা সদস্য ইমরুল কায়েস এই জবানবন্দি দেন। বর্তমানে রংপুর সেনানিবাসে কর্মরত এই সেনা সদস্য জবানবন্দি দেওয়ার একপর্যায়ে আদালতে কান্নায় ভেঙে পড়েন এবং নিজের জীবনের নিরাপত্তা দাবি করেন।

জবানবন্দিতে বহুল আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার নেপথ্যের ঘটনা তুলে ধরেন ইমরুল কায়েস। তিনি জানান, ২০১২ সালের ১৩ এপ্রিল মহাখালী ফ্লাইওভারের কাছে একটি অভিযানে অংশ নেন তারা। পরবর্তীতে ছুটিতে থাকাকালীন ১৮ এপ্রিল তিনি গণমাধ্যমে ইলিয়াস আলীর গুমের খবর দেখেন।

কায়েস দাবি করেন, কর্মস্থলে ফিরে তিনি জানতে পারেন যে এই অভিযানের সমস্ত সিসিটিভি ফুটেজ ও অস্ত্রাগারের রেজিস্টার নষ্ট করে ফেলা হয়েছে। একদিন তিনি জিয়াউল আহসানকে ফোনে উচ্চস্বরে বলতে শোনেন “তারিক স্যার, আপনাদের কথামতো ইলিয়াসকে গলফ (গুম) করলাম, এখন আপনারা এমন করলে হবে? আমি কমান্ডো মানুষ, তার চেয়ে আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে পাঠায়ে দেন!”

রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, জিয়াউল আহসানের এই ‘কিলিং নেটওয়ার্ক’ কেবল বাংলাদেশেই নয়, বরং ভারত পর্যন্ত বিস্তৃত ছিল।

সাক্ষী ইমরুল কায়েস জানান, ২০১২ সালের মাঝামাঝি সময়ে জাফলং সীমান্তে একটি গোপন অভিযানে যান তারা। সেখানে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া দুই বন্দীর বিনিময়ে ভারতীয় পক্ষের কাছ থেকে সাদা পোশাকে আসা ব্যক্তিদের মাধ্যমে অন্য দুই বন্দীকে গ্রহণ করা হয়। এরপর ঢাকায় ফেরার পথে জিয়াউল আহসান গাড়ি থামিয়ে ওই দুই ভারতীয় বন্দীকে রাস্তার পাশে নামিয়ে নিজ হাতে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেন।

ইমরুল কায়েসের জবানবন্দিতে উঠে আসে একের পর এক মধ্যযুগীয় কায়দায় হত্যাকাণ্ডের বিবরণ:

রেললাইনে লাশ ফেলে দুর্ঘটনা নাটক: ২০১০ সালে রানার হিসেবে যোগ দেওয়ার মাত্র ২০-২৫ দিনের মাথায় টঙ্গীর এক নির্জন রেলক্রসিংয়ের পাশে একটি ঠাণ্ডা লাশ বস্তাবন্দী করে রেললাইনের ওপর তুলে রাখা হয়। কিছুক্ষণ পর একটি ট্রেন সেটির ওপর দিয়ে চলে গেলে ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়া হয়।

মাথায় আগুন ও হাসাহাসি: র‍্যাব-৪-এর সেফ হাউস থেকে আনা এক বন্দীকে নির্জন স্থানে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন জিয়াউল আহসান। নিহতের মাথায় ঘন চুল থাকায় গুলির পর সেখানে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শী কায়েসের দাবি, এই বিভৎস দৃশ্য দেখে সেখানে উপস্থিত অন্য কর্মকর্তারা হাসাহাসি করছিলেন।

বিডিআর সদস্যদের পেট চিরে নদীতে নিক্ষেপ: পিলখানা হত্যাকাণ্ডের পর পরিচালিত ‘অপারেশন রেবেল হান্ট’-এর সময় আটককৃতদের কখনো বিষাক্ত ইনজেকশন দিয়ে, আবার কখনো মাথায় গুলি করে হত্যা করা হতো। লাশ যেন ভেসে না ওঠে, সেজন্য বরগুনার বলেশ্বর নদীর মোহনায় বন্দীদের পেট কমান্ডো নাইফ (ছুরি) দিয়ে চিরে এবং সিমেন্টভর্তি বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। পোস্তগোলা আর্মি ক্যাম্প সংলগ্ন বুড়িগঙ্গা নদীতেও একইভাবে একদিনে ১১ জন বন্দীকে বোটের ওপর হত্যা করে নদীতে ফেলা হয়।

আদালতে দেওয়া জবানবন্দির শেষভাগে আবেগাপ্লুত হয়ে সেনা সদস্য ইমরুল কায়েস বলেন, “আমি দেশের জন্য শপথ গ্রহণ করেছি, প্রশিক্ষণও নিয়েছি। তবে তা কখনই দেশের নিরীহ মানুষকে হত্যা করার জন্য নয়। এই নির্মমতা সহ্য করতে না পেরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আজ বিবেকের তাড়নায় এবং সুষ্ঠু বিচারের স্বার্থে ট্রাইব্যুনালে এই সত্য প্রকাশ করলাম।”

আদালত সূত্রে জানা যায়, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গাজীপুরের পুবাইলে তিন খুন এবং বরগুনাসহ বিভিন্ন স্থানে শতাধিক গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলাটি বর্তমানে চূড়ান্ত সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। আজ সাক্ষ্যগ্রহণের সময় অভিযুক্ত জিয়াউল আহসান ট্রাইব্যুনালে কাঠগড়ায় উপস্থিত ছিলেন।