
‘দেখামাত্র গুলি’ ও ‘জঙ্গি কার্ড’ খেলার অভিযোগেও ইনুর সাজা কম হওয়ায় ক্ষুব্ধ প্রসিকিউশন
আদালত প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধের দায় আর জাসদ সভাপতি হাসানুল হক ইনুর দায় একই রকম বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি প্রশ্ন তুলে বলেছেন, “শেখ হাসিনার যদি মৃত্যুদণ্ড হয়, তবে হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা হতে পারে না।”
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে ট্রাইব্যুনাল-২ এর দেওয়া রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দেওয়া তথ্য-প্রমাণ ও সাক্ষ্য যথাযথভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, “আমরা পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করেছিলাম। এর আগে ট্রাইব্যুনাল-১ থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে। শেখ হাসিনার যে অপরাধের দায়, হাসানুল হক ইনুরও ঠিক একই দায়। ট্রাইব্যুনাল সঠিক রায় দিতে ব্যর্থ হয়েছেন এবং এই রায়ে আমরা মোটেই সন্তুষ্ট নই।”
চিফ প্রসিকিউটর জানান, জুলাই হত্যাকাণ্ডে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ ছিল। ট্রাইব্যুনাল-২ এর রায়ে এর মধ্যে ৩, ৬ ও ৭ নম্বর—এই তিনটি চার্জ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
প্রমাণিত প্রতিটি চার্জের জন্য ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬ ও ৭ নম্বর চার্জে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকি ৫টি অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায়ে উল্লেখ করা হয়।
তবে প্রসিকিউশনের দাবি, তারা আটটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন।
প্রেস ব্রিফিংয়ে হাসানুল হক ইনুর অপরাধের ধরন ও সংশ্লিষ্টতার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুনর্ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর:
বিতর্কিত ১৪ দলীয় জোটের বৈঠকে কারফিউ জারির মাধ্যমে ‘শুট অ্যাট সাইট’ বা দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়েছিল। আন্দোলন দমনের নামে বিএনপি-জামায়াতকে নির্মূল করার সেই নৃশংস সিদ্ধান্তে অন্যতম শরিক নেতা হিসেবে ইনু সরাসরি একাত্মতা পোষণ করেন।
ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘জঙ্গি’ হিসেবে ট্যাগ করেছিলেন জাসদ সভাপতি। এছাড়া শেখ হাসিনার সঙ্গে একাধিক ফোনালাপে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে সায় দেন এবং ‘জঙ্গি কার্ড’ খেলার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে নানা উসকানিমূলক পরামর্শ দেন। ১০ জন সাক্ষীর জবানবন্দি এবং অডিও-ভিডিওর পাশাপাশি, সাফাই সাক্ষ্যে দেওয়া নিজস্ব লিখিত বক্তব্যেও ইনু এসব রাজনৈতিক সিদ্ধান্তের কথা স্বীকার করেছিলেন।
ট্রাইব্যুনালের দেওয়া এই সাজাকে ‘স্বেচ্ছামূলক’ ও ‘অপ্রতুল’ বলে আখ্যা দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ইনুর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “অপরাধের ভয়াবহতা অনুযায়ী ইনুকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। প্রমাণিত তিনটি চার্জে যে সাজা দেওয়া হয়েছে, তা একেবারেই অপর্যাপ্ত। আমরা এই রায়ের বিরুদ্ধে এবং সাজা বাড়ানোর দাবিতে অবশ্যই আপিল করব। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলেই আমরা উচ্চ আদালতে যাব।”
