তাহিরপুর প্রতিনিধি: নদীর বুক চিরে অবৈধ বালু উত্তোলন—প্রকৃতির ওপর এই দখলদারিত্বে এবার কঠোর হস্তক্ষেপ করল উপজেলা প্রশাসন।শান্তিপুর নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে জড়িত চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে একটি বাল্কহেড ও চারটি নৌকা।
রোববার (১৭ আগস্ট) তাহিরপুরের শান্তিপুর নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে একটি বাল্কহেড,চারটি নৌকা ও চারজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটককৃত চারজনের প্রত্যেককে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।এবং জব্দ করা বাল্কহেডটি তাহিরপুর থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে ও অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত চারটি নৌকা বিনষ্ট করা হয়।
প্রশাসনের এই অভিযানে স্পষ্ট বার্তা মিলেছে—নদী ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে অবৈধ বালু উত্তোলনের সুযোগ আর দেওয়া হবে না।অভিযানে সার্বিক সহযোগিতা করে তাহিরপুর থানা পুলিশ।
এদিকে পৃথক এক অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ অনুযায়ী একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহরুখ আলম শান্তনু।নদী,পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

