জয়নাল আবেদীন: রংপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আলী হাসান মুন্না নামের এক ডিলারকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদন্ড ভোগ করার আদেশ দেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ডিলার হলেন রংপুর নগরীর আলমনগর কলোনি এলাকার এখলাক আলীর ছেলে আলী হাসান মুন্না ।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল হাদী বেলাল জানান, ২০২০ সালের ডিসেম্বরে টিসিবির ডিলার আলী হাসান মুন্নার বিরুদ্ধে মামলা হয়। মামলায় টিসিবির ৪শ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেল ও ২শ৮৮ কেজি পেঁয়াজ মজুত করে কালোবাজারে বিক্রির অভিযোগ আনা হয়।রায়ের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল হাদী বেলাল বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।
টিসিবিসহ সরকারি বিভিন্ন পণ্য মজুত করে কালোবাজারে বিক্রির ক্ষেত্রে এ রায় অন্য ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

