সুনামগঞ্জ প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন। দণ্ডপ্রাপ্ত আসামি জিতেশ চন্দ্র গোপের বাবার নাম যাদব চন্দ্র গোপ এবং মায়ের নাম অনিতা রানি গোপ।তাঁর স্থায়ী বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়।তিনি জগন্নাথপুর পৌরশহরের সিএ মার্কেট এলাকায় ভাড়াবাসা নিয়ে বসবাস করতেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ঔষধ কেনার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না। অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজের পরদিন পৌরশহরের মির্জা আব্দুল মতিন মার্কেটে জিতেশ চন্দ্র গোপের ফার্মেসীর দোকান থেকে প্রবাসীর স্ত্রীর ৬ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ।
এ-হত্যা কান্ডের ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন মামলার বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ- আদালত হত্যা ও অপরাধের আলামত গোপনের অভিযোগে জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে ফাঁসির রায়টি প্রদান করেন।

