উল্লাপাড়ায় পলিথিনে ঢাকা বোরো বীজতলা

0
উল্লাপাড়ায় পলিথিনে ঢাকা বোরো বীজতলা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বহু কৃষক কোল্ড ইনজুরি থেকে রক্ষায় বোরো বীজতলা পলিথিনে ঢেকে রাখছেন। উপজেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মোহনপুর ইউনিয়নের কৃষকদের অনেকেই তাদের বীজতলা পলিথিনে ঢেকে রাখছেন।

উল্লাপাড়া অঞ্চলের কৃষকদের কাছে বোরো ধান ফসল বছরের প্রধান আবাদ হয়েছে। এখন সব এলাকাতেই কৃষকেরা বোরো ( ইরি) ধানের বীজতলা করছেন। কৃষকেরা পানি সেচ দিয়ে আবাদী জমির এক কোনায় , কেউ কেউ বিলের জমিতে নানা জাতের বোরো ধানের বীজতলা করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এবারে কৃষি প্রণোদনায় মোট ৩ হাজার ২০০ জন কৃষক বিনামূল্যে বোরো ধান বীজ পেয়েছেন । কৃষি অফিস থেকে জানা গেছে ১ হাজার ৯৭৫ হেক্টরে বোরো ধানের বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৩৭০ হেক্টর পরিমাণ জমিতে ধরা হয়েছে।

উপজেলার মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর , সুজা এলাকায় কৃষকেরা নানা জাতের বোরো ধানের বীজতলা করছেন। কালিয়াকৈর গ্রামের কৃষক মো. ফেরদৌস আলী প্রায় ১২ বিঘা জমিতে বোরো ধান ফসলের আবাদ করবেন। এর জন্য প্রায় চার শতক জমিতে ব্রি ধান ২৯ ও ব্রি ধান ৮৯ এর বীজতলা করেছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে দু’জাতের ধানের আলাদা বীজতলা করেছেন। পুরো বীজতলা পলিথিনে ঢেকে রাখা হয়েছে। প্রতিবেদককে বলেন বীজতলায় টেক ধান ফেলার পর পলিথিনে ঢেকে দেওয়া হয়। এখন চারা বেশ বড় ( লন্বা ) হয়েছে। তার কথায় কোল্ড ইনজুরি থেকে বীজতলার চারা ক্ষতি থেকে রক্ষায় পলিথিনে ঢেকে রাখা হয়েছে। আর পলিথিনে ঢেকে রাখা বীজতলায় পানি সেচ দিতে হয় না। একই এলাকায় আরো কয়েকজন কৃষক বীজতলা পলিথিনে ঢেকে রেখেছেন।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে বীজতলা পলিথিনে ঢেকে রাখা হলে কোল্ড ইনজুরি বা ঠান্ডা জনিত রোগ থেকে চারা সুস্থ থাকে ও তাড়াতাড়ি বড় হয়। ভালো মানের চারায় ভালো ফলন মেলে।