উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন সলঙ্গায় বোরো ধান চারা বেচায় আমদানি বেড়েছে। চারার দাম কমছে। একশো মুঠো ধান চারা গতকাল বুধবার ছয়শো টাকা দরে কেনাবেচা হয়েছে। এক মুঠো ধান চারার দাম ছয় টাকা। এদিকে ধান চারা বেচাল ( বেচতে আনা কৃষক ) ও কেনাল ( চারা কিনে নেওয়া কৃষক ) কৃষকের কাছ থেকে খাজনা বাবদ টাকা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সলঙ্গা থানা মাঠ চত্বরে মৌসুমকালে বোরো ও রোপা আমন ধানের চারা কেনাবেচা হয়। এখন বোরো ধান আবাদ মৌসুম চলছে। গত কয়েকদিন ধরে নানা জাতের বোরো ধান চারা কেনাবেচা হচ্ছে। জানা গেছে সপ্তাহের সব কদিন এখানে চারা কেনাবেচা হয়। গতকাল বুধবার দুপুর পর সরেজমিনে গিয়ে দেখা গেছে নানা জাতের বোরো ধান চারা বেচার জন্য রাখা আছে। এলাকার ছয় থেকে আটজন চারা ব্যবসা করছেন। এদের কয়েকজন হলেন মো. আশরাফ আলী , রাঙ্গা মিয়া , ঠান্ডু মিয়া , মো. শহিদুল ইসলাম । জানা গেছে রামকৃষ্ণপুর , সলঙ্গা ইউনিয়ন এলাকার কৃষকেরা নিজেদের জমিতে লাগানোর পর বীজতলার বাচতি চারা তুলে এখানে বেচতে আনেন। এলাকার ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে সে চারা পাইকারি দরে কিনে নিজেরা কৃষকদের কাছে বেচেন। চারা ব্যবসায়ি মো. আশরাফ আলী ও মো. ঠান্ডু মিয়া বলেন একশো মুঠো ধান চারা ছয়শো টাকা থেকে ছয়শো বিশ টাকা দরে কেনাবেচা করা হচ্ছে। তারা বলেছেন চারার দাম কমে আসবে। বিভিন্ন জাতের ধান চারা তারা কৃষকদের কাছ থেকে কিনে কৃষকদের কাছে বেচছেন। গত দুদিন হলো চারা আমদানি পরিমাণ বাড়ছে।
এদিকে সলঙ্গায় ধান চারা বেচতে আনা কৃষকদের ও কিনে নেওয়া কৃষকদের কাছ থেকে খাজনা নেওয়া হয়। প্রতিবেদককে খাজনা আদায়কারী মো. ছালাম সরকার বলেন চারা বেচাল কৃষক ও কেনাল কৃষকের কাছ থেকে অল্প কয়েক টাকা করে খাজনা টাকা নেন। আবার কেউ কেউ খাজনার টাকা দেন না বলে জানান।

