শহিদুল ইসলাম: বেনাপোল বাসির স্বপ্নপুরনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ধিত ট্রেন বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন।
বুধবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বেনাপোল এক্সপ্রেস’ এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বাঁশিতে ফু দিয়ে এবং সবুজ পতাকা উড়িয়ে ট্রেনটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন। এছাড়া রেলপথ উন্নয়নের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।
এদিকে ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে প্রধানমন্ত্রীর সাথে সংযুক্ত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান, রেলওয়ের ক্যারেজ সংগ্রহ পরিকল্পের পরিচালক প্রকৌশলি হারুনার রশিদ,যশোর জেলার ভারপ্রাপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন মোহাম্মদ শওকত, শার্শা-১ সংসদ সদস্য আফিল উদ্দিন, ঝিকরগাছা -২ সংসদ সদস্য মেজর জেনারেল নাসির উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল,বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হুসাইন প্রমুখ।
দ্রুতগতির বিরতিহীন আধুনিক এ ট্রেন পরিচালনার ফলে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী যাত্রী সাধারণের নিরাপদ আসা-যাওয়া সহজতর, দ্রুততর ও আরামদায়ক হবে।
সংগৃহীত কোচসমূহের অন্যতম নতুন বৈশিষ্ট্য হল- বায়ো-টয়লেট সংযোজন। ট্রেনটিতে প্রতিবন্ধী যাত্রিদের হুইল চেয়ারসহ চলাচলের সুবিধার্থে থাকছে প্রসস্থ দরজা (মেইন ও টয়লেট দরজা) এবং নির্ধারিত আসনের সুবিধা। প্রতিটি কোচ স্টেইনলেস স্টীলের তৈরী এবং অত্যাধুনিক যাত্রি সুবিধা স্বম্বলিত। প্রতিটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে আধুনিক ও উন্নতমানের রুফ মাউন্টেড এয়ার কন্ডিশনার ইউনিট এবং এয়ার কার্টেইনের ব্যবস্থা রয়েছে।
যাত্রী সাধারণের জন্য আধুনিক ও মানসম্মত চেয়ার, বার্থ, স্টেয়ার, পার্সেল রেক, টিভি মনিটর হ্যাঙ্গার, ওয়াই-ফাই রাউটার হ্যাঙ্গার, মোবাইল চার্জার এর ব্যবস্থা রয়েছে। ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি ১২ টি কোচ দ্বারা চলবে। ট্রেনটিতে এসি সিট, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণীর সর্বমোট ৮৯৬টি (৭৯৫ নং ট্রেনের ক্ষেত্রে) এবং এসি বার্থ, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণীর সর্বমোট ৮৭১টি (৭৯৬ নং ট্রেনের ক্ষেত্রে) আসনের ব্যবস্থা থাকবে।
বেনাপোল ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (৭৯৫) বুধবার ও (৭৯৬) বৃহস্পতিবার। ট্রেনটি বেনাপোল থেকে ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌছাবে রাত ৯টায় এবং ঢাকা থেকে ছাড়বে রাত ১২: ৪০ মিনিটে, বেনাপোল পৌঁছাবে সকাল ৮টা ৪৫ মিনিটে।
বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের এটেনডেন্ট ও ক্যাটারিং সেবা বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কর্মচারী দ্বারা পরিচালিত হবে। এ ট্রেনের ১০% নন-স্টপ চার্জসহ ভাড়া প্রযোজ্য হবে। বেনাপোল- ঢাকা পর্যন্ত উভয় দিকে যাত্রী ভাড়াঃ শোভন চেয়ার-৫৩৪ টাকা, এসি চেয়ার-১০১৩ টাকা (ভ্যাটসহ), এসি সিট-১২১৩ টাকা (ভ্যাটসহ), এসি বার্থ-১৮৬৯ টাকা (ভ্যাট+বেডিং চার্জসহ)।

