নির্বাচনী পরিবেশ ইতিবাচক, নতুন অধ্যায়ের প্রত্যাশা ইইউর

0
নির্বাচনী পরিবেশ ইতিবাচক, নতুন অধ্যায়ের প্রত্যাশা ইইউর

বাংলাদেশ প্রতিবেদকঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশকে ‘ইতিবাচক’ হিসেবে বর্ণনা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। সংস্থাটির আশা, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশনের প্রধান ইভার্স ইজাবস এই প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে ইভার্স ইজাবস বলেন, “সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনা রাখছে। আমাদের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা মাঠপর্যায়ে প্রার্থী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা আশাবাদী।”

সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ইইউ প্রধান পর্যবেক্ষক জানান: মিশনের পক্ষ থেকে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে বিশদ আলোচনা করা হয়েছে। কিছু এলাকাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হলেও রাষ্ট্রীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে মনে করছে ইইউ। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পর্যবেক্ষকরা “ইউরোপের চোখ ও কান” হিসেবে নিরপেক্ষভাবে কাজ করবেন।

নির্বাচনকে প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক করতে সব সম্প্রদায়, বিশেষ করে নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন ইভার্স ইজাবস। তিনি জানান, পর্যবেক্ষণ মিশনের বিশেষ নজর থাকবে এই অন্তর্ভুক্তিমূলক বিষয়ের ওপর।

ইভার্স ইজাবস ঘোষণা করেন যে, নির্বাচনের ঠিক দুদিন পর অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ইইউ পর্যবেক্ষণ মিশন তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে। এছাড়া প্রায় দুই মাস পর একটি চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হবে, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নির্বাচনের বিভিন্ন কারিগরি ও রাজনৈতিক বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।