বাংলাদেশ প্রতিবেদক: রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, বরং একটি প্রতিষ্ঠান—এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে। শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের বিধান অনুযায়ীই নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তিনি উল্লেখ করেন, দেশের সর্বোচ্চ আইন ও সংসদীয় রীতি অনুযায়ী রাষ্ট্রপতিকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। সালাহউদ্দিন আহমদ আরও যোগ করেন, “আমরা সংসদকে স্মরণীয় করে রাখতে চাই। এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করা হবে।”
জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান
ডেপুটি স্পিকার পদের বিষয়ে আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার কোনো সুনির্দিষ্ট বিধান না থাকলেও সরকার এক্ষেত্রে উদারতা দেখিয়েছে। তিনি বলেন, “আমরা যে উদারতা দেখিয়েছি, জামায়াতে ইসলামীর উচিত তা ইতিবাচকভাবে গ্রহণ করা।”

