আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনাই সংকটের কারণ: জ্বালানি মন্ত্রী

0
আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনাই সংকটের কারণ: জ্বালানি মন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

জ্বালানি মন্ত্রী জানান, ইরান ও ইসরায়েল কেন্দ্রিক সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অযৌক্তিক ভীতি তৈরি হয়েছে। তিনি বলেন, “আগে যে পরিমাণ জ্বালানি তেল দেড় দিনে বিক্রি হতো, আতঙ্কিত মানুষের অতিরিক্ত সংগ্রহের কারণে এখন তা মাত্র ২ ঘণ্টায় ফুরিয়ে যাচ্ছে। মানুষ লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছে, যার ফলে পাম্পগুলোতে সাময়িকভাবে চাপের সৃষ্টি হচ্ছে। তবে তেলের কোনো ঘাটতি নেই এটি শতভাগ নিশ্চিত।”

বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে কিছুটা টানাপোড়েন থাকলেও সরকার বসে নেই। তেল মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে আমদানির প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, বর্তমানে রিফাইনারিতে যে মজুত রয়েছে তা শেষ হওয়ার আগেই নতুন চালান দেশে পৌঁছে যাবে।

জ্বালানি সংকটের এই সময়ে দেশের মানুষকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার বিশেষ অনুরোধ জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, “বিদ্যুতের অপচয় রোধে ইতিমধ্যে সব বিপণীবিতানের বাইরের আলোকসজ্জা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার নির্দেশনা কঠোরভাবে পালনের আহ্বান জানানো হচ্ছে।”

জ্বালানি খাতের এই ক্রান্তিলগ্নে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সাধারণ মানুষকে ধৈর্য ধরার ও অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।